শ্রীলঙ্কার পর এবার কলকাতায় ক্যামেরা বসেছে বাংলাদেশের আলোচিত ছবি 'প্রিন্স: ওয়ান্স আপ অন এ টাইম ইন ঢাকা'র। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে পরিচালক আবু হায়াত মাহমুদের এই আসন্ন ঈদের ছবির শুটিং নিঃশব্দে চলছে শহরের বিভিন্ন প্রান্তে। হাওড়া, বৌবাজার, আলিপুর জেল থেকে ভারতলক্ষ্মী স্টুডিয়ো — সর্বত্র ঘুরছেন দুই বাংলার জনপ্রিয় নায়ক শাকিব খান। কলকাতার শুটিং পর্বের ছবি প্রথম প্রকাশ করেছে আনন্দবাজার ডটকম।
বৌবাজারে বাইকে শাকিব, চমকে গেল শহর
১১ ফেব্রুয়ারি মধ্য কলকাতার বৌবাজারের মাধো ভবনের সামনে দৃশ্যটি ছিল চোখ টানার মতো। চুলে লালচে আভা, মুখে ঘন দাড়ি-গোঁফ, বুক-খোলা জিনসের জ্যাকেটের ভেতর থেকে ফুলছাপ শার্টের উঁকিঝুঁকি — দুপুরের গনগনে রোদে ধোঁয়া ফুঁড়ে বাইকে বেরিয়ে এলেন এক অচেনা পরিচিত মুখ। 'অ্যাকশন' হাঁক শুনে ভিড় জমে গেল। নায়ক মুখ ফেরাতেই অস্ফুট গুঞ্জন — শাকিব খান! তবে কলকাতা সজাগ হওয়ার আগেই টিম নায়ককে ঘিরে নিল। তাঁর হয়ে 'ডামি শুট'-এ ব্যস্ত হয়ে পড়লেন বাংলাদেশি অভিনেতা শরীফ সিরাজ ও মাহমুদ।
হাওড়ার পরিত্যক্ত কারখানায় রাতভর অ্যাকশন
আনন্দবাজার ডটকম জানাচ্ছে, সম্ভবত ৯ ফেব্রুয়ারি থেকে হাওড়ার বহু বছর ধরে বন্ধ পড়ে থাকা শালিমার ওয়ার্কসে সারারাত ধরে শুটিং চলেছে। পুরনো যন্ত্রাংশ আর ভাঙা শেডে ঘেরা এই পরিত্যক্ত কারখানাটিই হয়ে উঠেছে অ্যাকশন দৃশ্যের পটভূমি। জানা গেছে, ছবিতে শাকিব রূপ দিচ্ছেন ওপার বাংলার নব্বইয়ের দশকের কুখ্যাত গ্যাংস্টার 'কালা জাহাঙ্গীর'-কে। একজন ভালোমানুষ কীভাবে ধীরে ধীরে ভয়ঙ্কর অপরাধজগতে পা দেয় — সেই রূপান্তরের গল্পই বলবে 'প্রিন্স'।
টলিউডের এক ঝাঁক তারকা পর্দায়
ছবিতে শাকিবের পাশে রয়েছেন দুই নায়িকা তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুন্ডু। 'তুফান'-এর পর আবারও শাকিবের সঙ্গে পর্দা ভাগ করে নিচ্ছেন টলিউডের লোকনাথ দে। এবার তাঁর চরিত্রের নাম 'গোপাল কর'। লোকনাথের মৃত্যুর পর তাঁর স্ত্রীর ভূমিকায় 'লেডি ডন' হয়ে উঠবেন পিয়ান সরকার, যিনি হাত মেলাবেন শাকিব ওরফে 'কালা জাহাঙ্গীর'-এর সঙ্গে। ছোটপর্দার জনপ্রিয় মুখ মৃত্যুঞ্জয় ভট্টাচার্য অভিনয় করছেন 'বাবু' চরিত্রে, যিনি নায়ককে অস্ত্রচালনায় পারদর্শী করে তুলবেন। 'দিলরুবা' চরিত্রে রয়েছেন তাসনিয়া। উল্লেখযোগ্যভাবে, এই ছবির মাধ্যমেই বাংলাদেশের পর্দায় পদার্পণ করতে চলেছেন জ্যোতির্ময়ী। আর লোকনাথের দুই সঙ্গী সিরাজ ও মাহমুদ — দুজনেই শ্রীলঙ্কার শুটিং থেকে টিমের অংশ।
বলিউডের ক্যামেরাম্যান, কলকাতার পর হায়দরাবাদ
ছবির চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন বলিউডের দুই অভিজ্ঞ চিত্রগ্রাহক অমিত রায় ও শৈলেশ অবস্থী। রণবীর কাপুর অভিনীত 'অ্যানিম্যাল'-এর চিত্রগ্রাহক ছিলেন অমিত। আর শৈলেশ কলকাতার প্রথম সারির প্রযোজক শ্রীকান্ত মোহতা ও অশোক ধনুকার একাধিক ছবিতে ক্যামেরা সামলেছেন। কলকাতার পর টিম উড়বে হায়দরাবাদে। অ্যাকশন ও রোমান্সে ভরপুর এই ছবিটি প্রযোজনা করছেন শিলিন সুলতানা (ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস)।




































